ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
- প্রকাশঃ ০১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 82
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের এ নৃশংস ঘটনার পর র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব সূত্রে জানা গেছে, ধর্মীয় কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামে একটি পোশাক কারখানার শ্রমিককে মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কারখানার সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় তার মরদেহে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত দিপু চন্দ্র দাস জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা অন্তত ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






























