জাতিসংঘে ওসমান হাদি হত্যার বিচার দাবি মহাসচিবের
- প্রকাশঃ ০২:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 82
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
জাতিসংঘ মহাসচিব দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। মহাসচিব আরও বলেন, উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করা যায়।
এর আগে, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে। এছাড়া দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।
জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে আমি গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুবরণ করেছেন। প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সকলের অধিকার ক্ষুণ্ন করবে।
জাতিসংঘের এই বিবৃতি দেশটির আইনশৃঙ্খলা ও রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক বার্তা হিসেবে দেখাচ্ছে, যাতে হত্যাকাণ্ডের প্রকৃত দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করা যায় এবং প্রেক্ষাপট অনুযায়ী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সম্ভব হয়।


























