২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
- প্রকাশঃ ০৬:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 72
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে অগ্রগতির বিষয়ে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানানো না হলে আগামীকাল আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শাহবাগে চলমান জমায়েত থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার যদি ওসমান হাদি হত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি জানাতে ব্যর্থ হয়, তাহলে রোববার বিকেল সোয়া পাঁচটায় পুনরায় শাহবাগ অবরোধ করা হবে।
ঘোষণার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ত্যাগ করেন। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকা শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এর আগে শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। হাদির বড় ভাই জানাজার নামাজে ইমামতি করেন।
জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন করা হয়।
এর আগে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে গোসলের জন্য মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে শেষবারের মতো দেখতে হাসপাতাল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
ওসমান হাদির মৃত্যুতে শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।


























