জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন
- প্রকাশঃ ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 103
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আংশিক সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
ইসির সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারিত ছিল ৫ থেকে ১১ জানুয়ারি। এখন তা পরিবর্তন করে ৫ জানুয়ারি (সোমবার) থেকে ৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে।
অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আগে আপিল নিষ্পত্তির সময় নির্ধারিত ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি। সংশোধিত তফসিল অনুযায়ী এখন আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি (শনিবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের আলোকে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য এই সময়সূচি ঘোষণা করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর (সোমবার), মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি (রোববার), আপিল দায়ের: ৫ জানুয়ারি (সোমবার) থেকে ৯ জানুয়ারি (শুক্রবার), আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি (শনিবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি (মঙ্গলবার), প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি (বুধবার), ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।
বর্তমানে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য আরও ১০ দিন সময় রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।


























