সুদানে নিহত ৬ বীর শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
- প্রকাশঃ ১০:৫৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 87
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে এই বীর সন্তানদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত হয়ে শহীদদের প্রতি শেষ শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং নিহতদের পরিবারের শোকাতুর সদস্যরা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে শহীদদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শহীদ হওয়া ছয় শান্তিরক্ষী হলেন: করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেস ওয়েটার (কিশোরগঞ্জ), মো. সবুজ মিয়া, লন্ড্রি কর্মচারী (গাইবান্ধা)।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় আরও নয়জন আহত হন। তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, করপোরাল আফরোজা পারভিন ইতিসহ আরও বেশ কয়েকজন সদস্য।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে বাংলাদেশের এই ছয় সূর্যসন্তান প্রাণ হারান। গতকাল শনিবার বেলা ১১টা ৫ মিনিটে তাঁদের মরদেহ বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আজ জানাজা শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়, যেখানে রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় তাঁদের দাফন সম্পন্ন হবে। বিশ্বশান্তি রক্ষায় এই আত্মত্যাগ বাংলাদেশের সামরিক ইতিহাসের পাতায় এক গৌরবোজ্জ্বল ও শোকাতুর অধ্যায় হয়ে থাকবে।





























