স্লোগানে প্রকম্পিত ৩০০ ফিট: প্রিয় নেতাকে বরণ করতে রাজপথে লাখো মানুষের বাঁধভাঙা জোয়ার
- প্রকাশঃ ১২:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 71
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে রাজপথে নেমেছে লাখো জনতা। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা এখন লোকে-লোকারণ্য। ব্যানার, ফেস্টুন আর মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪২ মিনিটে তারেক রহমান ঢাকা পৌঁছানোর পর থেকেই সংবর্ধনাস্থলে নেতাকর্মীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।
সরেজমিনে দেখা গেছে, ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল মঞ্চের চারদিকে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে— তারেক রহমান বীরের বেশে, ফিরে এলেন বাংলাদেশে এবং তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এসে সংবর্ধনাস্থলে অবস্থান নিয়েছেন। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সবার হাতেই শোভা পাচ্ছে দলীয় পতাকা ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার।
তারেক রহমানকে বরণ করতে এরই মধ্যে সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা দেশের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান মঞ্চে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিয়োজিত রয়েছেন। এছাড়া শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির কয়েক হাজার প্রশিক্ষিত ভলান্টিয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজশাহী থেকে আসা এক কর্মী আবেগপ্লুত হয়ে বলেন, ১৭ বছর পর আমাদের নেতা ফিরছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আজ গণতন্ত্রের নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি।





























