তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিকে প্রধান উপদেষ্টার আহ্বান
- প্রকাশঃ ১২:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 49
জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির অনুপ্রেরণা যুগিয়েছে।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আসুন আমরা মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এই কঠিন সময়ে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি এবং কেউ অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে।
প্রধান উপদেষ্টা তার শোক বার্তায় ঘোষণা করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর নামাজে জানাযার দিন একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রেখে শোক পালন করার আহ্বান জানিয়েছেন।
তিনি শেষবারে দেশবাসীকে বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন। আল্লাহ হাফেজ।


























