ভেনেজুয়েলায় হামলার পর প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার দাবি ট্রাম্পের
- প্রকাশঃ ০৪:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 67
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর দেশটিতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়।
এ ঘটনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
ট্রাম্প আরও লেখেন, এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হচ্ছে এবং এই আগ্রাসন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার নির্দেশ দেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সামরিক স্থাপনা ও কৌশলগত বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এর আগে ভেনেজুয়েলা মাদক উৎপাদন ও তা যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত-এমন অভিযোগ তুলে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে সমুদ্রপথে অভিযান চালানোর পর সর্বশেষ ভেনেজুয়েলার অভ্যন্তরে সরাসরি হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
তবে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীর আটকের বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি


























