জামালগঞ্জে ৩টি হাওরের ২৭ পিআইসিতে কাজ শুরু হয়নি, প্রশ্ন উঠছে বরাদ্দের ব্যবহার নিয়ে
- প্রকাশঃ ০২:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 52
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হালি, শনি ও মহালিয়া হাওরের ২৭টি পিআইসিতে এখনও কাজ শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরাদ্দকৃত কাজের উদ্বোধন ১৫ ডিসেম্বর করা হলেও ১৯ দিন পেরিয়ে গেলেও প্রকল্পগুলোতে কার্যক্রম দেখা যায়নি।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলায় হালি, পাগনা, মিনি পাগনা, শনি, মহালিয়া ও জলভাঙা হাওরে ৪১টি পিআইসির জন্য এবছর বরাদ্দ রাখা হয়েছে ৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা।
শনিবার হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ সরেজমিনে হালি, মহালিয়া ও শনি হাওরের ২৭টি প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, ১৫ ডিসেম্বর হালির হাওরের ২০ নম্বর পিআইসির কাজ উদ্বোধন করা হলেও এরপর থেকে কোনো কাজ শুরু হয়নি। বাকি ২৬টি পিআইসিতেও কার্যক্রমের কোনও লক্ষণ নেই। অনেক প্রকল্পে সাইনবোর্ডও নেই।
হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুর রব বলেন, পরিদর্শনের সময় আমরা কোনো পিআইসির কর্মী পাইনি। কাজ শুরুর ১৯ দিন অতিবাহিত হলেও কোনো কার্যক্রম দেখা যায়নি। অনেক প্রকল্পে মাটি অক্ষত থাকলেও অপ্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথাও শোনা যাচ্ছে। এতে সরকারের অর্থ অপচয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা চাই পাউবো কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখুন।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী জানান, ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছি। অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও বরাদ্দের পরিমাণ এবছর বেশি। বিষয়টি জনমনে গুঞ্জন সৃষ্টি করেছে। পাউবো কর্তৃপক্ষকে এটি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করছি। কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে হাওর বাঁচাও আন্দোলন সক্রিয় ভূমিকা নেবে।
পাউবো উপসহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, হালি, শনি ও মহালিয়ায় কাজ শুরু না হলেও পাগনার হাওরের ৫টি পিআইসির কাজ শুরু হয়েছে। ২৮ ডিসেম্বর ওয়ার্ক অর্ডার জারি করেছি। অনেক পিআইসি গাড়ির সাথে চুক্তি করেছেন। আশা করি কয়েক দিনের মধ্যে অধিকাংশ পিআইসির কাজ শুরু হবে। বাঁধের পাশের মাটি বার্ষিক কাটার কারণে নিকটবর্তী এলাকায় মাটি কম পাওয়ায় দূর থেকে মাটি আনা হচ্ছে, ফলে বরাদ্দ কিছুটা বেড়েছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আখুঞ্জি, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদ, নির্বাহী সদস্য মো. আব্দুর রব, সদস্য আবুল হোসেন, খুরশিদ আলম, মঈন উদ্দিন, আমিরুল হক, আইনুল হক, আয়ুব খান প্রমুখ।


























