দুই দফা মারধরে হত্যা করা হয়েছে আইনজীবী নাঈম: স্বীকারোক্তি আসামির
- প্রকাশঃ ০৯:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 95
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়াকে দুই দফা মারধরের মাধ্যমে হত্যা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) আসামি মো. জোবায়ের হোসেন (২৯) স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন, জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মো. মেহেদী হাসান।
ঘটনা ঘটেছে গত ৩১ ডিসেম্বর রাতে। নাঈম কিবরিয়া (৩৫) পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কাকে কেন্দ্র করে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় মারধরের শিকার হন। তার বাবা গোলাম কিবরিয়া পরদিন ভাটারা থানায় হত্যা মামলা করেন। ৪ জানুয়ারি গুলশান এলাকা থেকে আসামি জোবায়েরকে র্যাব–১ গ্রেপ্তার করে।
জবানবন্দিতে আসামি স্বীকার করেছেন যে, ঘটনার সময় তিনি এবং কয়েকজন মোটরসাইকেলে করে নাঈমকে ধাওয়া করেন। নাঈমকে প্রথম ধাপে আই ব্লকের ৭ নম্বর রোডে আটক করে মারধর করা হয়। এরপর তাকে মোটরসাইকেলে তুলে আই ব্লকের ১৫ নম্বর রোডের পাশে নিয়ে আরও মারধর করা হয়। এ মারধরের ফলেই নাঈমের মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী নাঈম একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যান। তাঁকে দাঁড়ানোর জন্য বলা হলেও তিনি দাঁড়াননি। তার পর তাকে আটকে মারধর করা হয়। পরে আবার ঘটনাস্থলে নিয়ে এসে মারধর করা হলে তিনি মারা যান। ঘটনার সঙ্গে পূর্বপরিচয় ছিল না। তাৎক্ষণিক ক্ষোভের বশে এমনটি ঘটেছে বলে আসামি জানিয়েছেন।
নাঈমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


















