মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট
- প্রকাশঃ ০২:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 62
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় টিনের ঘরে আগুন লাগার খবর পাওয়া গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


























