আইপিএল থেকে ছিটকে গেলেও পিএসএলে সুযোগ পেলেন মুস্তাফিজ
- প্রকাশঃ ১০:৩৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 56
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা থাকলেও বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ভারতের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়া সত্ত্বেও খেলতে পারছেন না। বিসিসিআই তাকে আইপিএল থেকে বাদ দিয়েছে।
তবে এক দরজা বন্ধ হলেও অন্য দরজা খুলেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজকে দেখা যাবে। পিএসএল আজ সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের ছবি দিয়ে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ব্যাটাররা সাবধান, নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। মুস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ১১-এ থাকছেন।
মুস্তাফিজ পিএসএলে নতুন নয়; ২০১৮ সালে তিনি লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলেন এবং ৪ উইকেট শিকার করেছিলেন।
আইপিএলে বাদ দেওয়ার পর বিসিসিবি এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। তারা জানিয়েছে, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না ভারত, তখন পুরো দলকে কীভাবে নিরাপদ রাখতে পারবে। এই উদ্বেগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এবং আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি করেছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করার নির্দেশ দিয়েছে।
বর্তমানে বিপিএলে দারুণ ফর্মে আছেন মুস্তাফিজ। রংপুরের হয়ে ৫ ম্যাচে তিনি ৯ উইকেট নিয়েছেন। তার স্লোয়ার, কাটার এবং ইয়র্কার ব্যাটারদের জন্য খুবই কঠিন হয়ে উঠেছে।


























