নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনায় ঢাকায় আসছেন ইইউর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস
- প্রকাশঃ ০২:০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 54
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকায় আসছেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি আরও দুই দফা বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন মিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সফরকালে ইইউর প্রধান পর্যবেক্ষক ঢাকায় ইইউ মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
এছাড়া আগামী ১১ জানুয়ারি ঢাকায় একটি সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে ইভার্স ইজাবসের।
ইভার্স ইজাবস লাটভিয়ার নাগরিক এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন তাকে এই দায়িত্বে নিয়োগ দেয়।


























