তারেক রহমানের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করছেন সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী
- প্রকাশঃ ০৭:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 61
বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল সাড়ে তিনটায় এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে মিজান চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ঢাকায় ডেকেছিলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এবং দলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। সুনামগঞ্জে ফিরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করব।
ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাল্লাহ্, আমি দলের পক্ষেই থাকব।
উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ছাতক-দোয়ারাবাজার আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে পরাজিত হন। নির্বাচনের পর তিনি অভিযোগ করেছিলেন, তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করলেও তা না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।





























