৩২ হাজার ভোটকেন্দ্রে বডি ক্যামেরা, প্রথমবারের নির্বাচনী প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ: আইজিপি
- প্রকাশঃ ১০:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 56
দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে বাকি পুলিশের প্রশিক্ষণও সম্পন্ন হবে।
আইজিপি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ ৮ হাজার এবং মধ্যম ঝুঁকিতে থাকা ১৬ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে।
শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বললেন, নির্বিঘ্নভাবে আইন প্রয়োগ করতে আমাকে পূর্ণ সমর্থন ও গ্রিন সিগন্যাল দিতে হবে। পুলিশ সদস্যরা যদি রাজনৈতিক প্রভাবের ভয়ে তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তবে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। আমরা নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে চাই।
আইজিপি উল্লেখ করেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা পুলিশ ও আনসারসহ মোট ৬ লাখ বাহিনীর দায়িত্ব। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডারগার্ড এবং কোস্টগার্ডও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে।
তিনি বলেন, গত ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে পরিচিত হয়ে নানা বিচ্যুতি দেখা দিয়েছে। আমাদের লক্ষ্য পুলিশকে পুনরায় স্বমহিমায় দাঁড় করানো, মনোবল বৃদ্ধি করা এবং তাদের কর্মদক্ষতা ফিরিয়ে আনা। অপরাধ শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে চেষ্টা থাকবে যেন কোনো মানুষও ক্ষতিগ্রস্ত না হয়।
আইজিপি বাহারুল আলম আরও বলেন, রংপুর বিভাগের কিছু হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত আমরা যথাসম্ভব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। সংখ্যালঘুদের উপর হামলা বা সম্পত্তি ক্ষতি করলে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি। দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থা জটিল হলেও সরকার এ বিষয়ে নজর রাখছে এবং আগামীতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।


























