গণতন্ত্র প্রতিষ্ঠায় নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
- প্রকাশঃ ০২:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 53
শুধু স্বৈরাচার বিদায় নিয়েছে বলে আত্মতুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।
রোববার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘গণতন্ত্র শুধু একটি শাসনব্যবস্থা নয়, এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ফল। সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। ক্ষমতার ভার জনগণের কাছে ফিরিয়ে আনতে হলে সচেতনভাবে গণভোটে অংশ নিতে হবে।’
তিনি আরও বলেন, গণভোট ও নাগরিক অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। গণতন্ত্র রক্ষায় জনগণকে নিরব দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক’ প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গুম, নির্যাতন ও আয়নাঘরের মতো অমানবিক পরিস্থিতিতে বাংলাদেশকে আর ফিরতে দেওয়া যাবে না। এ জন্য গণভোটে অংশগ্রহণ অপরিহার্য।’
তিনি বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই দেশের সার্বভৌমত্ব ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে।


























