ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর সম্পদ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা, স্ত্রীর নামে নেই কোনো সম্পদ
- প্রকাশঃ ০১:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 81
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামায় উল্লেখ করা হয়, তাহেরীর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি ও ব্যাংক আমানতের মুনাফা। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে আয় ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক আমানতের মুনাফা থেকে আয় ২২ হাজার ৮৯২ টাকা।
নগদ অর্থ হিসেবে তাঁর কাছে আছে ৪১ হাজার ২৮৬ টাকা। বিভিন্ন ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এ ছাড়া তাঁর কাছে রয়েছে ৩১ ভরি স্বর্ণ, যার মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।
হলফনামা অনুযায়ী, তাহেরীর নামে রয়েছে কৃষিজমি, যার দলিলমূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা এবং বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।
হলফনামায় তাহেরী উল্লেখ করেছেন, তাঁর ওপর নির্ভরশীল কোনো ব্যক্তির নামে কোনো সম্পদ নেই। এমনকি তাঁর স্ত্রীর নামে কোনো নগদ অর্থ বা স্বর্ণালংকারও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। সেখানে জানানো হয়, তাহেরী পেশায় ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী একজন গৃহিণী।
ঠিকানার বিষয়ে হলফনামায় বলা হয়েছে, তাহেরীর স্থায়ী বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তাঁর শ্বশুরবাড়ি থাকায় তিনি হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া হলফনামায় তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। এসব মামলা ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।


















