হাদি হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি: চট্টগ্রামে ইনকিলাব মঞ্চ নেতারা
- প্রকাশঃ ০৫:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 59
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে শেষ হয়।
মিছিলে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তুমি কে, আমি কে/হাদি, হাদি এবং জাস্টিস ফর হাদি লেখা প্ল্যাকার্ড হাতে ধরেন এবং নানা স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ। তিনি বলেন, হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে। বিচারের দাবি পূরণ না হলে প্রয়োজনে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ইন্টেরিমকে অপসারণের আন্দোলন চালানো হবে।
জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ অভিযোগ তোলেন, তাড়াহুড়া করে মামলা তদন্তের ভুল তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, “মূল আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করে তাদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা নিতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ইন্টেরিম যদি টালবাহানা করতে থাকে, আমরা ঘোষণা করছি, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান। এরপর ৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গতকাল বৃহস্পতিবার মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আদালতে অভিযোগপত্র পর্যালোচনার সময় নেন। আজ তিনি আদালতে নারাজি জানান।


























