রমজানের আগেই বাড়ছে নিত্যপণ্যের দাম: চাল-ডাল-চিনি ও মুরগির বাজারে ঊর্ধ্বগতি
- প্রকাশঃ ০৩:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 56
মাত্র এক মাসের মধ্যে পবিত্র রমজান আসতে যাচ্ছে, আর তার আগে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দাম ক্রেতাদের উদ্বেগ বাড়াচ্ছে। বাজার পর্যবেক্ষণকারীরা জানিয়েছেন, চাল, ডাল, চিনি এবং মুরগির দাম আগের তুলনায় বেড়েছে।
রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, নতুন মাঝারি চালের কেজি ৫৫ থেকে ৬০ টাকা, আর পুরনো চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। মানভেদে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৭২ থেকে ৮৬ টাকা পর্যন্ত বেড়েছে। রশিদ মিনিকেটের দাম কেজিতে বেড়ে ৭৫ টাকা, নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ টাকা, এবং মোজাম্মেলের দাম ৮৫-৮৬ টাকা হয়েছে। নাজিরশাইল চালের দামও ৭২ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডালের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। অ্যাংকর ডালের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। ছোট দানার মসুর ডালের দাম বেড়ে ১৭০ টাকা, মোটা দানার মসুর কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
চিনির দামও ঊর্ধ্বমুখী। খোলা চিনি কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা। গত কয়েক মাস স্থিতিশীল থাকার পর এবার দাম বেড়েছে।
মুরগির বাজারেও ইতিবাচক নয়। ব্রয়লার মুরগির কেজি ১৬৫ থেকে ১৭৫ টাকা, সোনালি জাতের মুরগি কেজিতে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, নতুন মৌসুমে চাল, ডাল ও চিনি বাজারে আসলেও সরবরাহ বৃদ্ধি পাওয়ার আগেই দাম বেড়ে গেছে। রমজানের আগের এই ঊর্ধ্বমুখী দাম সাধারণ ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।





























