গুম–খুনের স্বজনদের আহাজারিতে আবেগাপ্লুত তারেক রহমান
- প্রকাশঃ ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 55
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের কান্না ও আর্তনাদে শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র শোকাবহ পরিবেশে রূপ নেয়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের হৃদয়বিদারক বর্ণনায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর করুণ অভিজ্ঞতা তুলে ধরা হয়।
২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা ঋদি বলেন, প্রতি বছর আসে, কিন্তু আমাদের বাবা আর ফিরে আসেন না। ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেল, তবু কাউকে ফিরে পাইনি। তিনি জানান, ছোটবেলা থেকেই বাবার হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্ন আজও অপূর্ণ।
মাত্র দুই মাস বয়সে বাবাকে হারানো সাফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক যুগ ধরে আমরা বাবার অপেক্ষায় আছি, কিন্তু আজও কোনো খোঁজ পাইনি।=
তিন বছর বয়সে বাবাকে হারানো মিম জানায়, সমবয়সীদের সঙ্গে যখন বাবারা হাঁটা শেখান, তখন সে নিজের বাবাকে খুঁজে বেড়ায়।
এ ধরনের হৃদয়বিদারক বর্ণনায় সভাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন, আবেগ সংবরণ করতে পারেননি তারেক রহমানও।
এ সময় তিনি বলেন, একটি ভয়াবহ সময় আমরা অতিক্রম করেছি। দেশের মানুষ এখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। অনেক সন্তান আজও অপেক্ষায় রয়েছে—হঠাৎ একদিন তাদের বাবা দরজায় কড়া নাড়বে, অনেক মা এখনো সন্তানের ফেরার আশায় পথ চেয়ে আছেন।
তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভুক্তভোগীদের একজন বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়, সে জন্য গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন জরুরি।





























