জাতীয় ইতিহাসে অবিস্মরণীয় নেতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
- প্রকাশঃ ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 65
বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ, ১৯ জানুয়ারি। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর তিনি বিদ্রোহ করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এবং ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
স্বাধীনতাত্তোর বাংলাদেশে এক সংকটময় সময়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তিনি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতায় এসে তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
রাষ্ট্র পরিচালনায় তিনি উৎপাদনমুখী রাজনীতি, কৃষি ও শিল্পোন্নয়ন, সেচব্যবস্থার আধুনিকীকরণ, গণশিক্ষা বিস্তার এবং গ্রামীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্বল্প সময়ে প্রায় ৪০ লাখ মানুষকে অক্ষরজ্ঞান প্রদান করেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। বর্তমানে দলের নেতৃত্ব দিচ্ছেন তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান।
জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী প্রদান করেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের ক্রান্তিকালে এক সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক।
কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। আগামীকাল মঙ্গলবার কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

















