বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ছয়টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে বেরোবি কেন্দ্রে মোট ৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ০৫ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার আশাব্যঞ্জক।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মাজেদ চৌধুরী, বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেরোবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।



























