মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসেবে দেখতে চাই না – জামায়াতের আমির শফিকুর রহমান
- প্রকাশঃ ১২:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 39
মাগুরা থেকে জামায়াতের আমির শফিকুর রহমান নিজেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে বলেন, এটা পৃথিবীর ইতিহাসে একটি লজ্জাজনক ঘটনা। আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি, কিন্তু মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসেবে দেখতে চাই না। আমার ভাই জীবন দিয়েছেন দেশের মানুষের মুক্তির জন্য, কোনো দল বা পরিবারকে শাসনের জন্য নয়।
শফিকুর রহমান সোমবার মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ থেকে কর্মসূচি শেষে সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে সভামঞ্চে ওঠেন তিনি এবং রাত পৌনে নয়টায় প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি সমালোচনা করেন বিগত সরকারের কার্যক্রম এবং বলেন, “মুক্তিযুদ্ধপরবর্তী যে শাসন ক্ষমতায় ছিল, তারা জনগণের ওপর সুবিচার করেনি। শেষ সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট শাসন এই জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে—অর্থনীতি, বিচার বিভাগ, ব্যাংক, ইন্ডাস্ট্রি সব ধ্বংস হয়েছে। দেশে লুটপাট ও বিদেশে পাচার হয়েছে।”
শফিকুর রহমান নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আগামী ১২ তারিখে দুটি ভোট হবে—গণভোট ও সাধারণ নির্বাচন। গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। দেশবাসী আজাদি চায় এবং যুবসমাজ অন্যায়ের কাছে মাথা নত করবে না।”
জামায়াত ক্ষমতায় এলে সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিবছর সম্পদের হিসাব জনগণের কাছে দিতে হবে। যে অপরাধে একজন সাধারণ মানুষ বিচার পায়, একই অপরাধে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রেও সমান বিচার হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে শফিকুর রহমান মাগুরার দুটি সংসদীয় আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন—মাগুরা–১ আসনে জেলা জামায়াতের সাবেক আমির আবদুল মতিন এবং মাগুরা–২ আসনে জেলা জামায়াতের আমির মো. মুশতারশেদ বিল্লাহ। তিনি তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে জামায়াতের পাশাপাশি শরিক দলের নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন।





























