ফরিদপুরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিন দুই পক্ষের সংঘর্ষে ১৫ আহত
- প্রকাশঃ ০৭:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 39
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিএনপিতে যোগদানের পরদিন নির্বাচনী সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীসহ পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি পক্ষ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। গত মঙ্গলবার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদীতে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। সভার সময় ইস্রাফিল মোল্যা দীর্ঘ সময় বক্তব্য দেওয়ায় ওয়াদুদ মোল্যার সমর্থক শহিদুল ইসলাম শান্ত প্রতিবাদ করেন। এ নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে, যা পরদিন সংঘর্ষের রূপ নেয়।
সংঘর্ষে আহতদের মধ্যে লাবনী আক্তার (৪৫), ফাতেমা আক্তার (৩৬), অ্যাডভোকেট জাকারিয়া (৪০), লাভলু মোল্লা (৪৫), জাহিদ মোল্লা (৩৭), ইয়াদালী আলী মোল্লা (৪০), ইসরাফিল মোল্লা (৪৫), আব্দুর রহমান (২০), আনোয়ার মোল্লা (৫০), শাহাবুদ্দিন মোল্লা (৫৫), শহিদুল মোল্লা (৩০), সুমন (২৮) ও রাজন (৩০) রয়েছেন।
আহত জাকারিয়া মোল্লা জানান, গতকাল বিএনপিতে যোগ দেওয়ার পর আমার ভাই বক্তব্য রাখার সময় একজন পেছন থেকে কটাক্ষ করলে তর্কবিতর্কের সূত্র ধরে আজ (বুধবার) আমাকে কুপিয়ে আহত করা হয়েছে। আমাদের বাড়িঘরও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
অভিযোগের বিষয়ে চাঁন মিয়া বলেন, ছোট ঘটনাটিকে বড় করা হয়েছে এবং মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম প্রথম আলোকে বলেন, সভায় বক্তব্য দেওয়ার সময় তর্কবিতর্কের ঘটনায় পরের দিন দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





























