চকরিয়ায় সংঘর্ষ: ভাতিজার লাথিতে চাচার মৃত্যু, পুলিশের হাত থেকে ছিনিয়ে পিটুনি
- প্রকাশঃ ০৩:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 75
কক্সবাজারের চকরিয়ায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁর ভাতিজাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেয় স্থানীয় লোকজন। আজ দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায়। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় জমি–বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর আটক অভিযুক্ত ভাতিজাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার ঘটনাও ঘটেছে। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ কালু (৮০)। তিনি ওই এলাকার মৃত মকবুল আলীর ছেলে। অভিযুক্ত ভাতিজা আলী আহমদের বয়স প্রায় ৬০ বছর। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে জমি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আলী আহমদ চাচা মোহাম্মদ কালুর বুকে লাথি দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে গেলে এক পর্যায়ে নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয়রা আলী আহমদকে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। স্থানীয়রা তাঁর বাড়িঘরেও ভাঙচুর চালায়। এ সময় আলী আহমদের স্ত্রী পারভিন আকতারকেও মারধরের অভিযোগ রয়েছে।
নিহত মোহাম্মদ কালুর ছেলে সরোয়ার আলম বলেন, আমাদের সামনে বাবাকে বুকে লাথি দিয়ে হত্যা করা হয়েছে। পরে আলী আহমদকে স্থানীয়রা পিটিয়েছে—এ ঘটনায় আমার পরিবারের কেউ জড়িত না।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযুক্ত আলী আহমদকে আটক করে থানায় আনার পথে পুলিশের গাড়ি আটকে তাঁকে মারধর করা হয়েছে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


















