সামাজিক মিডিয়ার বিভ্রান্তি, বাড্ডার গুলিবর্ষণ এনসিপি কার্যালয়ে হয়নি
- প্রকাশঃ ০৭:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 73
রাজধানীর বাড্ডায় গতকাল রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটলেও তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে দাবি করেন। দ্রুত এই তথ্য ছড়িয়ে পড়লেও এনসিপি পরে তা প্রত্যাখ্যান করে।
বিকেল পাঁচটার দিকে এনসিপি হোয়াটসঅ্যাপে একটি বার্তায় জানানো হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে মনে হচ্ছে। বার্তাটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে দুটি গুলি চালানো হয়। তিনি বলেন, যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে পরে সেই কার্যালয় আফতাবনগর এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। তাই এটিকে কোনোভাবেই এনসিপির কার্যালয় লক্ষ্য করে হামলা বলা যাবে না। ঘটনাস্থলে দুটি ফাঁকা গুলি পাওয়া গেছে।
ঘটনাস্থল ও পুলিশের তদন্ত অনুযায়ী, কোনো ব্যক্তি আহত হয়নি এবং এ ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তারা এলাকার নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি মনিটরিং করছেন।


















