ঢাকা কলেজে স্কুলিং মডেলবিরোধী মিছিল ঘিরে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের হাতাহাতি
- প্রকাশঃ ০১:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 27
ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘স্কুলিং মডেল’-এর বিরোধিতাকে কেন্দ্র করে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলেজের হল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা স্কুলিং মডেলবিরোধী মিছিল বের করলে স্নাতক শিক্ষার্থীরা তা বাধা দেন। শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়, একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শিক্ষার্থীদের চাপের মুখে কিছুক্ষণ পর ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। পরে হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঢাকা কলেজের স্নাতক শিক্ষার্থী রাহুল আমিন বলেন, “মধ্যরাতে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা উসকানিমূলক স্লোগান দিতে শুরু করলে আমরা পাল্টা প্রতিবাদ জানাই। তখন আমাদের পরীক্ষা চলছিল।”
অন্যদিকে এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী জানান, “আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। অনার্স শিক্ষার্থীরা কেন বাধা দিয়েছে, তা বুঝতে পারিনি।”
কলেজ প্রশাসন জানিয়েছে, বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






























