ময়মনসিংহ-১১ আসনে বুথে ঢুকে ব্যালটে সিল, সিসিটিভিতে ধরা পড়ল পাঁচ তরুণ
- প্রকাশঃ ০৭:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 45
ময়মনসিংহের ভালুকায় ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি ভোটকেন্দ্রে বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারার ঘটনায় পাঁচ তরুণকে শনাক্ত করা হয়েছে। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। বিষয়টি নজরে আসার পরপরই সেখানে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। এ ঘটনার দায়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে কয়েকজন তরুণ ওই কেন্দ্রে প্রবেশ করেন। তাঁদের মধ্যে পাঁচজন একটি বুথে ঢুকে ব্যালট পেপারে সিল দিতে শুরু করেন। সে সময় বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুজন ব্যালটে সিল দিচ্ছেন এবং অন্য তিনজন সিল মারা ব্যালট ভাঁজ করে বাক্সে ঢোকাচ্ছেন। আরও কয়েকজনকে আশপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন জানান, সিসিটিভিতে ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনে কিছুটা গাফিলতি ছিল। সে কারণে তাঁকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়।
ফিরোজ হোসেন বলেন, তারা সর্বোচ্চ ৫০ থেকে ১০০টি ব্যালট পেপারে সিল মেরে থাকতে পারে। তবে নির্বাচনী আইন অনুযায়ী, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সিল ও স্বাক্ষর না থাকলে সেই ব্যালট অবৈধ হিসেবে গণ্য হবে। এসব ব্যালট গণনায় ধরা হবে না।
তিনি আরও বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে এবং ভোটারদের আবার কেন্দ্রে ফিরিয়ে এনে ভোটগ্রহণ কার্যক্রম চালু করা হয়েছে।























