ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত চালক পুড়ে নিহত
- প্রকাশঃ ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 16
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম জুলহাস মিয়া (৪০)। তিনি উপজেলার ভালুকজান গ্রামের বাসিন্দা ও বাসটির চালক বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে।
পুলিশ জানায়, আলম এশিয়া পরিবহনের একটি বাস সেখানে রাতভর পার্ক করা ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া। হঠাৎ মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত এসে মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তাদের সেই মুহূর্তের চিত্র ধরা পড়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশধারী তিন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে ঘুমন্ত জুলহাস মিয়া আগুনে পুড়ে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাসটির চালক ছিলেন।”
তিনি আরও জানান, ঘটনাটিকে নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসের ভেতর থেকে জুলহাসের দগ্ধ দেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, রাতের নীরবতায় হঠাৎ আগুনের তীব্র শব্দ ও ধোঁয়া দেখে তারা ছুটে গিয়ে ঘটনাটি দেখতে পান। কিন্তু ততক্ষণে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।
পুলিশ বাসটি জব্দ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।























