শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত: হত্যা মামলায় আসামি ৬ শতাধিক
- প্রকাশঃ ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 13
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ থেকে ৫০০ জনকে।
ঘটনার দুই দিন পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া বেগম ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।
গত বুধবার বিকেলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে একটি নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান অভিযোগ করেন, রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






























