বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে যৌথভাবে ৫ নেতা; রয়েছেন বাংলাদেশের তিনজন
- প্রকাশঃ ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬
- / 5
আম্মান, ১৪ নভেম্বর ২০২৬, (প্রজন্ম কথা) – বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের ২০২৭ সালের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণে এবার প্রথমবারের মতো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ রাষ্ট্র ও সামরিক নেতাকে যৌথভাবে প্রথম স্থানে রাখা হয়েছে। তালিকায় বাংলাদেশের তিনজনের নামও রয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামীদা হোসেন ও সমাজকর্মী রাজিয়া সুলতানা।
প্রকাশিত তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগের গুরুত্ব বিবেচনায় তাঁদের একই অবস্থানে রাখা হয়েছে।
এরপর চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। সপ্তম স্থানে পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি এবং অষ্টম স্থানে ইয়েমেনের ধর্মীয় ব্যক্তিত্ব ও দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা শেখ ওমর বিন হাফিজ রয়েছেন।
শীর্ষ ২৫-এ আরও রয়েছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব, মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ, ইরাকের শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন আল-সিস্তানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
এ ছাড়া তালিকার প্রথম ২৫ জনের মধ্যে রয়েছেন ইয়েমেনের হুতি আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুতি, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি, নাইজেরিয়ার সোকোটোর সুলতান শেখ আস-সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয়, তুরস্কের গোয়েন্দা সংস্থার পরিচালক ইব্রাহিম কালিন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং যুক্তরাষ্ট্রের জায়তুনা কলেজের সহপ্রতিষ্ঠাতা শেখ হামজা ইউসুফ হ্যানসন।
শীর্ষ ৫০-এর তালিকায় আরও রয়েছেন বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, ফুটবলার মোহাম্মদ সালাহ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তালিকার ৫০তম স্থানে রয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া।
এবারের সংস্করণে বর্ষসেরা পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন গাজার চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। কামাল আদওয়ান হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীদের ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত এবং যুদ্ধের মধ্যে চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে অভিযান চালানোর পর তাঁকে আটক করে। প্রকাশনার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টের শেষ নাগাদ তিনি ৬০০ দিনের বেশি সময় ধরে ইসরায়েলি হেফাজতে ছিলেন।
বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবা স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় তাঁর সহপাঠী ও শিক্ষকদের অনেকে নিহত হন। পরে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য দিয়ে হামলার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
তালিকার শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে প্রভাবের ক্ষেত্র অনুযায়ী ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগগুলো হলো ইসলামি জ্ঞানচর্চা, রাজনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা, ধর্মপ্রচার ও আধ্যাত্মিক নেতৃত্ব, দাতব্য ও উন্নয়নমূলক কাজ, সামাজিক বিষয়, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও খেলাধুলা এবং চরমপন্থা।
প্রকাশকের ওয়েবসাইটের নামসূচিতে ৮২টি দেশের মোট ৫০৯টি নাম দেখানো হয়েছে। এতে এবারের সংস্করণে নতুন যুক্ত হয়েছেন ২৯ জন এবং আগের সংস্করণের নয়জনের মৃত্যুর তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। তবে মূল তালিকার কাঠামোতে প্রথম ৫০ জনের পরবর্তী ৪৫০ জনকে আলাদা ক্রমিক অবস্থান দেওয়া হয়নি। তাঁদের বিভাগ ও ভৌগোলিক অঞ্চল অনুযায়ী সাজানো হয়েছে।
প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক, আর্থিক ও ধর্মীয় প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় তালিকাটি তৈরি করা হয়েছে। সামাজিক সূচক, জনমত, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং ব্যক্তির দীর্ঘ জীবনের অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় কারও নাম থাকা তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন বোঝায় না; বরং মুসলিম বিশ্বে তাঁর প্রভাবের একটি পরিমাপ তুলে ধরে।

























