আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে অ্যাপলের নতুন নিরাপত্তা সুবিধা
- প্রকাশঃ ১১:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 18
নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। হালনাগাদ সংস্করণের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘লিমিট প্রিসাইস লোকেশন’ নামের একটি নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এই সুবিধা চালু করলে মোবাইল অপারেটররা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান তথ্য সংগ্রহ করতে পারবে না।
অ্যাপলের তথ্যমতে, লিমিট প্রিসাইস লোকেশন সুবিধা সক্রিয় থাকলে আইফোন ও সেলুলার সুবিধাযুক্ত আইপ্যাড থেকে মোবাইল অপারেটরের কাছে পাঠানো লোকেশন তথ্য আগের মতো নির্ভুল থাকবে না। ব্যবহারকারীর প্রকৃত অবস্থানের পরিবর্তে আশপাশের এলাকার আনুমানিক তথ্য শেয়ার করা হবে। ফলে সাইবার অপরাধীসহ বিভিন্ন সংস্থার জন্য কারও অবস্থান নিখুঁতভাবে অনুসরণ করা আরও কঠিন হয়ে পড়বে।
তবে এই সুবিধা চালু থাকলেও অ্যাপের মাধ্যমে শেয়ার করা লোকেশন তথ্য আগের মতোই নির্ভুলভাবে পাওয়া যাবে। একইভাবে জরুরি ফোনকলের সময় ফার্স্ট রেসপন্ডার সংস্থাগুলোর সঙ্গে সঠিক অবস্থানের তথ্য আদান–প্রদান ব্যবস্থাও অপরিবর্তিত থাকবে।
লিমিট প্রিসাইস লোকেশন সুবিধাটি বর্তমানে আইওএস ২৬.৩ অপারেটিং সিস্টেমে চলা আইফোন এয়ার, আইফোন ১৬ই এবং আইপ্যাড প্রো (এম৫) ওয়াই-ফাই ও সেলুলার সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। প্রাথমিকভাবে জার্মানির টেলিকম, থাইল্যান্ডের এআইএস ও ট্রু, যুক্তরাজ্যের ইই ও বিটি এবং যুক্তরাষ্ট্রের বুস্ট মোবাইলসহ কয়েকটি নির্বাচিত মোবাইল অপারেটরের নেটওয়ার্কে এই সুবিধা চালু হয়েছে।
নতুন এই সুবিধা চালুর পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি অ্যাপল। তবে মোবাইল নিরাপত্তা বিশেষজ্ঞ ও সিটিজেন ল্যাবের গবেষক গ্যারি মিলার জানান, মোবাইল অপারেটররা সাধারণত ফোনের আনুমানিক অবস্থান নির্ধারণ করতে পারে। কিন্তু অবস্থান আরও নির্ভুল করতে ব্যবহারকারীর ডিভাইস থেকেই তথ্য পাঠানো হয়। অনেক ব্যবহারকারী জানেন না যে অ্যাপের বাইরেও তাঁদের ডিভাইস থেকে অবস্থানসংক্রান্ত তথ্য শেয়ার হতে পারে। অ্যাপ পর্যায়ে জিপিএস নিয়ন্ত্রণ করা গেলেও এত দিন নেটওয়ার্কের সঙ্গে সুনির্দিষ্ট লোকেশন শেয়ার পুরোপুরি সীমিত করার সুযোগ ছিল না।
তিনি আরও বলেন, অল্প কয়েকটি অপারেটরের নেটওয়ার্কে সীমাবদ্ধ থাকলেও অ্যাপলের এই উদ্যোগ ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
সূত্র: টেক ক্রাঞ্চ




























