কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল ১৩ বছরের কিশোর
- প্রকাশঃ ০৪:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 164
আইজিআই বিমানবন্দরে ধরা পড়ে, জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠানো হলো আফগানিস্তানে | ছবি: সংগৃহীত
আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারতের দিল্লিতে পৌঁছেছে ১৩ বছর বয়সী এক কিশোর। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণের পর ঘটনাটি ধরা পড়ে।
সরকারি সূত্রে জানা যায়, কুন্দুজ শহরের ওই কিশোর কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। দুই ঘণ্টার ঝুঁকিপূর্ণ যাত্রার পর অবতরণের সময় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়।
পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, শুধুমাত্র কৌতূহল থেকেই বিমানে উঠেছিল।
দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।
সূত্র: এনডিটিভি নিউজ












