দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
- প্রকাশঃ ১০:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 38
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লাল কেল্লার কাছাকাছি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পার্ক করা একটি গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু–এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশপাশে পার্ক করা অন্যান্য গাড়ির জানালা ভেঙে যায় এবং সেগুলিতেও আগুন ধরে যায়। আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে, আর কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে জ্বলন্ত গাড়ি থেকে লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, আর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি দমকল ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এদিকে, দিল্লি পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং জারি করেছে উচ্চ সতর্কতা।
দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন,
এখন পর্যন্ত আমরা আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। আরও কয়েকজন আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে এটি কোনো বোমা বিস্ফোরণ কিনা— তা এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ভেতরে থাকা কোনো দাহ্য পদার্থ বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার পর লাল কেল্লা এবং আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটির তদন্তে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)–কে যুক্ত করার বিষয়ে বিবেচনা করছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে।






















