ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি লুট
- প্রকাশঃ ০৯:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 135
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কর্মকর্তার পরিচয় ব্যবহার করে একদল অস্ত্রধারী প্রায় ৭ কোটি রুপি (প্রায় ৮ লাখ ডলার) লুট করেছে। বেঙ্গালুরুর ব্যস্ত সড়কে দিবালোকে সংঘটিত এই সাহসী ডাকাতিকে পুলিশ ‘পরিকল্পিত অপারেশন’ হিসেবে বর্ণনা করছে।
গত বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ছয়জনের একটি দল টাকা পরিবহনের দায়িত্বে থাকা একটি ভ্যান থামিয়ে বিপুল পরিমাণ অর্থ লুট করে। ভ্যানে ছিলেন—চালক, ক্যাশ কাস্টডিয়ান এবং দুইজন অস্ত্রধারী নিরাপত্তারক্ষী। বেঙ্গালুরু পুলিশ কমিশনার সিমান্ত কুমার সিং জানান, ডাকাতরা নিজেদের আরবিআই কর্মকর্তা পরিচয়ে দাবি করে যে ‘এত বড় অঙ্কের অর্থ পরিবহনে প্রয়োজনীয় নথি যাচাই করা দরকার’।
তারা নিরাপত্তারক্ষী এবং কাস্টডিয়ানকে অস্ত্রসহ ভ্যান থেকে নেমে তাদের এসইউভিতে উঠতে বলে। চালককে নির্দেশ দেওয়া হয় ভ্যান চালিয়ে সামনে যেতে। কয়েক কিলোমিটার যাওয়ার পর ডাকাতরা ভ্যান থামিয়ে চালককে নামিয়ে দেয় এবং এসইউভিতে থাকা কাস্টডিয়ান ও নিরাপত্তারক্ষীদেরও নামায়। এরপর বন্দুক ঠেকিয়ে ভ্যানের টাকা নিজেদের গাড়িতে তোলে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাস্থলে সিসিটিভি কভারেজ অত্যন্ত সীমিত হওয়ায় তদন্ত জটিল হয়ে পড়েছে। পুলিশ মনে করছে, ডাকাতরা পালানোর জন্য একাধিক গাড়ি ব্যবহার করে থাকতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, ব্যবহৃত এসইউভিটিতে ছিল নকল নম্বরপ্লেট এবং ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার—যা ডাকাতদের পরিকল্পনার পরিমাণ আরও স্পষ্ট করে।












