সুইজারল্যান্ডে থার্টিফার্স্ট নাইটে বারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪০
- প্রকাশঃ ০৮:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 39
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট শহর ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইট উদ্যাপনের সময় একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সুইজারল্যান্ডের পুলিশ জানায়, ক্র্যান-মন্টানার লে কন্সটেলেশন নামের ওই বারে নতুন বছর বরণের অনুষ্ঠান চলাকালে স্থানীয় সময় রাত আনুমানিক দেড়টার দিকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বারটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টিফেন গাঞ্জার জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে ১০টি হেলিকপ্টার ও অন্তত ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিস অন্তত ৪০ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে। একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ‘হতাহতের সংখ্যা অনেক বেশি। প্রায় ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন।’
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দগ্ধ অবস্থায় বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যান্টন সরকারের প্রধান ম্যাথিয়াস রেনার্ড জানান, আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। ভালাইস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় আহতদের অন্য হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।
এদিকে কীভাবে এবং কোন কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ক্র্যান-মন্টানা এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো কাজ শুরু করেছে।





























