৬৬ আন্তর্জাতিক সংস্থা ছাড়ার ঘোষণা ট্রাম্পের
- প্রকাশঃ ০১:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 39
জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এ ঘোষণা দিয়ে তিনি বলেন, এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করছে।
ঘোষণার দিনই প্রকাশিত একটি স্মারকে জানানো হয়, যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে জাতিসংঘের ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে।
জাতিসংঘভুক্ত সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)—যাকে অনেকেই ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি কাঠামো হিসেবে উল্লেখ করে থাকেন। এ ছাড়া তালিকায় রয়েছে জাতিসংঘের এমন একটি সংস্থা, যা লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে।
এর আগে যুক্তরাষ্ট্র গত বছর জাতিসংঘের বার্ষিক আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি। প্রায় তিন দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ওই সম্মেলনে অনুপস্থিত ছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল (এনআরডিসি)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনীশ বাপনা বলেন, যুক্তরাষ্ট্রই হবে প্রথম দেশ, যারা ইউএনএফসিসিসি থেকে সরে দাঁড়াবে।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।





























