মৃত্যুদণ্ড কার্যকর থেকে সরে আসায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
- প্রকাশঃ ১২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 79
ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই।
ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে তিনি আরও বলেন, গতকাল ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তারা কাউকে ফাঁসি দেয়নি। এটি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমেও একই মন্তব্য করে একটি পোস্টে শুধু লিখেছেন, “ধন্যবাদ!”
এর কয়েক দিন আগেই ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানে চলমান বিক্ষোভের সময় যদি গণহারে হত্যাকাণ্ড শুরু হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে ইরানের সাম্প্রতিক এই সিদ্ধান্তের পর সে ধরনের পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৭৯৭ জনে। যদিও বর্তমানে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ এখনও সীমিত রয়েছে।
এদিকে, ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রতি হস্তক্ষেপের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এপি












