পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সদস্য নিহত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বেলুচিস্তানের পাংজুর জেলায় গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করা হয়। অভিযানের সময় ‘ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত তিনজনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে স্থানীয় কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল ও ওয়াসিম রয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারত-সমর্থিত অন্যান্য ‘সন্ত্রাসীদের’ খোঁজে স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, ‘আজমে ইস্তেহকাম’ নীতির আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দেশ থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এদিকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশ।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত ৬ জানুয়ারি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।





























