বিপিএলে শান্তর ঝড়ো সেঞ্চুরি ও মুশফিকের ফিফটিতে সিলেটের বিপক্ষে রাজশাহীর জয়
- প্রকাশঃ ০৭:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 68
২০২৬ বিপিএলের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন। বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারভেজ হোসেন ইমনের ঝলমলে ইনিংসে তৈরি হওয়া মঞ্চে শেষ পর্যন্ত নায়ক হয়ে উঠলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
১৯১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে রাজশাহী। ৪৩ রান তুলতেই হারায় ২ উইকেট। এমন সময় দায়িত্বশীল ব্যাটিংয়ে হাল ধরেন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। এরপর আর পেছনে তাকাতে হয়নি দলটিকে। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৭১ বলে ১৩০ রানের অবিচ্ছেদ্য জুটি, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।
হজরতউল্লাহ জাজাইয়ের হাত থেকে বল ফসকে বাউন্ডারি লাইনের কাছে চলে যেতেই এক রানের জায়গায় দুই রান নিয়ে স্ট্রাইক প্রান্তে পৌঁছান নাজমুল। সেখানেই ব্যাটে চুমু এঁকে তিন অঙ্ক পূর্ণ করার উদ্যাপনটি-টোয়েন্টিতে তাঁর তৃতীয় সেঞ্চুরি। ৬০ বলের অপরাজিত ইনিংসে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রান করেন তিনি। ৫৮তম বলে পূর্ণ হয় শতক।
এই সেঞ্চুরি নাজমুলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আগের আসরে ফরচুন বরিশালের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, শুনতে হয়েছিল দর্শকদের দুয়োধ্বনিও। সেই স্মৃতিকে পেছনে ফেলে সিলেটের গ্যালারিভরা দর্শকের সামনে জয়ের নায়ক হয়ে ওঠেন তিনি।
নাজমুলের পাশাপাশি দারুণ অবদান রাখেন মুশফিকুর রহিমও। নিলামে প্রথম ডাকে অবিক্রীত থাকা এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৩১ বলে করেন অপরাজিত ৫১ রান। তাঁর ব্যাট থেকে আসা বাউন্ডারিতেই জয় নিশ্চিত হয় রাজশাহীর।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট টাইটানস নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৯০ রান। চার নম্বরে নেমে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন তিনি। শুরুতে রনির সঙ্গে ২৫ বলে ৩৬ রানের জুটি গড়ে সিলেটের বড় সংগ্রহের ভিত গড়ে দেন পারভেজ। আফিফ হোসেন ৩৩ ও সাইম আইয়ুব করেন ২৮ রান।
রাজশাহীর পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সন্দীপ লামিচানে, ২৮ রানে নেন ২ উইকেট।
শেষ পর্যন্ত পারভেজের সাজিয়ে রাখা মঞ্চে আলো কেড়ে নেন নাজমুল হোসেনই। সেঞ্চুরি আর জয়ে ম্যাচসেরা হন এই বাঁহাতি ব্যাটসম্যান।





























