যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের সদস্যদের মাধ্যমে আইএলআর পাওয়ার ৭ পথ, আবেদন ফি ৩,২২৬ পাউন্ড
- প্রকাশঃ ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮
- / 3
যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ নাগরিক অথবা স্থায়ীভাবে বসবাসের অধিকারপ্রাপ্ত (সেটেলড) পরিবারের সদস্যদের মাধ্যমে বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার সাতটি পথের কথা জানিয়েছে যুক্তরাজ্য সরকার। নতুন নির্দেশিকায় কারা এই সুবিধার আওতায় আবেদন করতে পারবেন, আবেদনের ফি, সিদ্ধান্ত পেতে সম্ভাব্য সময় এবং আবেদন প্রক্রিয়া চলাকালে কী কী নিয়ম মেনে চলতে হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আইএলআর অনুমোদিত হলে একজন আবেদনকারী সময়সীমাহীনভাবে যুক্তরাজ্যে বসবাস, চাকরি ও পড়াশোনা করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কিছু সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতাও অর্জন করতে পারেন। পাশাপাশি পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকে।
সরকার জানিয়েছে, পরিবারের মাধ্যমে মোট সাতটি শ্রেণির আবেদনকারী আইএলআরের জন্য যোগ্য হতে পারেন। এর মধ্যে রয়েছেন পারিবারিক ভিসায় থাকা স্বামী বা স্ত্রী, সঙ্গীর ওয়ার্ক ভিসার ডিপেনডেন্ট স্বামী বা স্ত্রী, পারিবারিক ভিসায় আবেদনকারী বাবা বা মা, একই ভিসায় থাকা সন্তান, বাবা বা মায়ের ওয়ার্ক ভিসার ডিপেনডেন্ট সন্তান, পারিবারিক ভিসায় থাকা প্রাপ্তবয়স্ক নির্ভরশীল আত্মীয় এবং ইনোভেটর ফাউন্ডার ভিসাধারীর ডিপেনডেন্ট।
নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারীকে যে পরিবারের সদস্যের মাধ্যমে আইএলআরের জন্য যোগ্যতা অর্জন করছেন, সেই সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
পরিবারের মাধ্যমে আইএলআরের জন্য আবেদনকারী প্রত্যেককে ৩,২২৬ পাউন্ড আবেদন ফি দিতে হবে। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ ও ছবি দিয়ে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে বায়োমেট্রিকের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। সাধারণত বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর ছয় মাসের মধ্যে আবেদনের সিদ্ধান্ত জানানো হয়।
আবেদন প্রক্রিয়া চলাকালে ভ্রমণের বিষয়েও সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। নির্দেশনা অনুযায়ী, আবেদন প্রক্রিয়াধীন অবস্থায় যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, চ্যানেল দ্বীপপুঞ্জ কিংবা আইল অব ম্যানের বাইরে ভ্রমণ করলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে। তাই এ সময় আবেদনকারীদের দেশের বাইরে ভ্রমণ এড়িয়ে চলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবেদনের সময় নিয়েও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে সরকার। পারিবারিক ভিসায় থাকা স্বামী-স্ত্রী বা বাবা-মা তাঁদের আবাসিক যোগ্যতার নির্ধারিত সময় পূরণের সর্বোচ্চ ২৮ দিন আগে আইএলআরের আবেদন করতে পারবেন। এর আগে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি রয়েছে।
একই সঙ্গে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আইএলআরের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আগে সেটি নবায়ন করতে হবে, এরপর আইএলআরের আবেদন করা যাবে।
সরকার জানিয়েছে, পরিবারের মাধ্যমে আইএলআরের জন্য যোগ্য নন এমন আবেদনকারীদের জন্যও যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার অন্যান্য পথ রয়েছে। পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন হলে যোগ্য আবেদনকারীরা অতিরিক্ত ফি দিয়ে প্রায়োরিটি বা সুপার প্রায়োরিটি সেবা গ্রহণ করতে পারবেন।
সূত্র: লিজিট.এনজি
























