যে ভিসায় যুক্তরাজ্যে ৩ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ, মানতে হবে একাধিক শর্ত
- প্রকাশঃ ০৪ অক্টোবর ২০২৬, ১৪:৩৮
- / 9
লন্ডন, ৪ অক্টোবর, (প্রজন্ম কথা) – নির্দিষ্ট শর্ত পূরণ করলে ইনোভেটর ফাউন্ডার ভিসাধারীরা যুক্তরাজ্যে মাত্র তিন বছর বসবাসের পর অনির্দিষ্টকাল থাকার অনুমতি বা আইএলআরের জন্য আবেদন করতে পারেন। দেশটির বিভিন্ন অভিবাসন রুটের তুলনায় এই সময়সীমা কম। যুক্তরাজ্যের সরকারি নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইএলআর অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুক্তরাজ্যে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারেন। যোগ্যতা পূরণ করলে বিভিন্ন সরকারি সুবিধার জন্যও আবেদন করা যায়। পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার পথও খুলে যায়।
ইনোভেটর ফাউন্ডার ভিসাধারীকে আইএলআরের যোগ্য হতে যুক্তরাজ্যে তিন বছর ইনোভেটর ফাউন্ডার অথবা পুরোনো ইনোভেটর ভিসার আওতায় থাকতে হবে। অন্য কোনো ভিসায় যুক্তরাজ্যে কাটানো সময় এই তিন বছরের হিসাবের মধ্যে যুক্ত হবে না।
এ ছাড়া আবেদনকারীকে ব্যবসার অগ্রগতি ও বৃদ্ধির শর্ত পূরণ করতে হবে। আইএলআরের আবেদনের জন্য নতুন অনুমোদনপত্র প্রয়োজন, যেখানে সংশ্লিষ্ট ব্যবসা নির্ধারিত শর্ত পূরণ করছে এবং তা সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় অগ্রগতি করেছে বলে নিশ্চিত করা হয়। ব্যবসাটি সক্রিয়, বাণিজ্যিকভাবে পরিচালিত ও টেকসই হওয়ার শর্তও রয়েছে।
তিন বছরের আবাসনের সময় আবেদনকারী কোনো ১২ মাসের সময়ে ১৮০ দিনের বেশি যুক্তরাজ্যের বাইরে থাকতে পারবেন না। ফলে বিদেশ ভ্রমণের হিসাব আইএলআরের আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
আবেদন করার পরও ভ্রমণের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে। সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আবেদনকারী যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, চ্যানেল আইল্যান্ডস বা আইল অব ম্যানের বাইরে যেতে পারবেন না। এর বাইরে ভ্রমণ করলে আবেদনটি প্রত্যাহার হয়ে যেতে পারে।
বর্তমানে আইএলআরের আবেদন ফি জনপ্রতি ৩ হাজার ২২৬ পাউন্ড। যোগ্যতার সময় পূর্ণ হওয়ার ২৮ দিন আগে আবেদন করা যায়। এর চেয়েও আগে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হতে পারে।
হোম অফিস আবেদনকারীদের বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আইএলআরের আবেদন করতে বলেছে। কেউ যোগ্য হওয়ার আগে বর্তমান ভিসার মেয়াদ শেষ করে ফেললে প্রথমে ভিসা নবায়ন করতে হতে পারে।
সাধারণভাবে আবেদন জমা দেওয়ার পর অথবা নির্ধারিত কেন্দ্রে বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা। তবে নথি যাচাই, সাক্ষাৎকার, ফৌজদারি দণ্ড বা ব্যক্তিগত পরিস্থিতির মতো জটিলতা থাকলে আরও সময় লাগতে পারে।
আইএলআরের আবেদনে ১৮ থেকে ৬৪ বছর বয়সী আবেদনকারীদের লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে। আবেদনকারীর ক্ষেত্রে ইংরেজি ভাষার শর্তও প্রযোজ্য হতে পারে।
বর্তমান ইনোভেটর ফাউন্ডার ভিসার ক্ষেত্রেও ইংরেজি ভাষায় চারটি দক্ষতা, অর্থাৎ পড়া, লেখা, বলা ও শোনার ক্ষেত্রে অন্তত বি-২ পর্যায়ের দক্ষতা প্রয়োজন, যদি কোনো ছাড় প্রযোজ্য না হয়।
ইনোভেটর ফাউন্ডার ভিসা পুরোনো ইনোভেটর ভিসার জায়গায় চালু হয়েছে। তবে পুরোনো ইনোভেটর ভিসাধারীরাও নির্ধারিত শর্ত পূরণ করলে তিন বছর পর আইএলআরের জন্য আবেদন করতে পারেন।
আইএলআর অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাজ্যে কাজ, ব্যবসা ও পড়াশোনা চালিয়ে যেতে পারেন। সাধারণত আইএলআর পাওয়ার পর অন্তত ১২ মাস যুক্তরাজ্যে বসবাসের শর্ত পূরণ করলে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকে।
ইনোভেটর ফাউন্ডার রুট মূলত উদ্ভাবনী, কার্যকর ও সম্প্রসারণযোগ্য ব্যবসায়িক ধারণা নিয়ে যুক্তরাজ্যে ব্যবসা প্রতিষ্ঠা করতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য। এই রুটে ব্যবসার অনুমোদনের জন্য নির্ধারিত অনুমোদনকারী প্রতিষ্ঠানের সমর্থন প্রয়োজন।






















