যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় বিয়ের বাজার ৫ বিলিয়ন পাউন্ড, লন্ডনে গড় খরচ ৭৫ হাজার
- প্রকাশঃ ২৮ জুলাই ২০২৬, ২২:৫৯
- / 5
যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় বিয়ের আয়োজন এখন দেশটির অন্যতম বড় অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। শিল্প সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, এই সম্প্রদায়ের বিয়ের বাজারের মূল্য প্রায় ৫ বিলিয়ন পাউন্ড, যা যুক্তরাজ্যের মোট ১০ বিলিয়ন পাউন্ডের বিয়ের বাজারের প্রায় অর্ধেক। এই খাতে সবচেয়ে বড় ব্যয়ের কেন্দ্র হিসেবে উঠে এসেছে লন্ডন।
২০২৫ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে একটি দক্ষিণ এশীয় বিয়ের গড় ব্যয় ছিল প্রায় ৫৫ হাজার পাউন্ড। তবে লন্ডনে এই খরচ বেড়ে দাঁড়ায় প্রায় ৭৫ হাজার পাউন্ডে। অন্যদিকে বার্মিংহামে একই ধরনের আয়োজনের গড় ব্যয় প্রায় ৪৫ হাজার পাউন্ড। শহরভেদে এই ব্যয়ের পার্থক্য মূলত ভেন্যু, ক্যাটারিং, সাজসজ্জা, পোশাক এবং বিনোদন খাতে খরচের পার্থক্যের কারণে তৈরি হয়েছে।
দক্ষিণ এশীয় বিয়ের বাজারের এই বড় পরিসরের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি ও বহুস্তরীয় আয়োজন। বড় আকারের অনুষ্ঠানস্থল বুকিং, একাধিক দিনের অনুষ্ঠান, উচ্চমানের খাবারের আয়োজন, ডিজাইনার পোশাক, বিশেষ ধরনের সাজসজ্জা, লাইভ মিউজিক এবং পেশাদার ভিডিওগ্রাফি, সবকিছু মিলিয়ে এই বিয়ে আয়োজন একটি পূর্ণাঙ্গ শিল্পখাতে রূপ নিয়েছে।
লন্ডনে দক্ষিণ এশীয় বিয়ের বাজারে প্রতিযোগিতা বেশি হওয়ায় বিভিন্ন সেবার মূল্যও তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে বার্মিংহামের মতো শহরে একই ধরনের আয়োজন তুলনামূলক কম খরচে করা সম্ভব হচ্ছে।
যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের বিয়ের আয়োজন এখন সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি একটি বড় অর্থনৈতিক কার্যক্রম হিসেবেও গুরুত্ব পাচ্ছে। ভেন্যু ব্যবসা, খাদ্য সরবরাহ, পোশাক, ইভেন্ট ব্যবস্থাপনা এবং বিনোদন খাতের সঙ্গে এই বাজারের প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়েছে।
সূত্র: বাংলা কমিউনিটি ইন ইউকে



























