এই নির্বাচন দেশ গঠনের নির্বাচন: তারেক রহমান
- প্রকাশঃ ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 44
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশ গঠনের নির্বাচন হবে। তিনি বলেন, দেশটাকে গড়ে তুলতে হবে। আমাদের যদি দেশ গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের কোথায় যাব? প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ।
শনিবার দুপুরে নীলফামারীর বড় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান জানান, বেকার সমস্যা দূরীকরণের জন্য কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। নীলফামারীর ইপিজেড (Export Processing Zone) সম্প্রসারণের পাশাপাশি নতুন কলকারখানা গড়ে তোলা হবে। স্থানীয়দের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা তাদেরকে দেশের ভেতর বা বিদেশে ব্যবসা-শিল্পে অংশগ্রহণের সুযোগ দেবে।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের নারীদের আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। কৃষি নির্ভর এই অঞ্চলের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে, যার মাধ্যমে তারা সার, বীজ ও কীটনাশক পাবেন।
তারেক রহমান বিএনপি সরকার গঠিত হলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নীলফামারী, রংপুর, দিনাজপুরসহ এ এলাকার মানুষের প্রাণের দাবি হলো তিস্তা প্রকল্প। এটি বিএনপি সরকারের প্রাথমিক কাজের মধ্যে অন্যতম হবে।
সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলাকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সৈয়দপুর রেলওয়ে কারখানা এবং ভারী শিল্পকারখানা গড়ে তোলা হবে। এর মাধ্যমে কৃষিনির্ভর এলাকার মানুষকে শিল্পে নিয়োজিত করা হবে। পাশাপাশি, সৈয়দপুর এয়ারপোর্টকে ধাপে ধাপে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করার পরিকল্পনাও থাকছে।
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল সমাজের মানুষকে ভয় দেখাচ্ছে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে। কোনো ভোটারকে ভয় দেখানো বা বিভ্রান্ত করা হলে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ (রুবেল) সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী-২ আসনের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী, নীলফামারী-৩ আসনের প্রার্থী সৈয়দ আলী, নীলফামারী-৪ আসনের প্রার্থী আবদুল গফুর সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম এবং ভগ্নিপতি মো. রফিকুল ইসলাম। পরে নীলফামারীর চারটি আসনের বিএনপির তিন প্রার্থী ও শরিক দলের এক প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
এর আগে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার দুপুরে নীলফামারী জেলা শহরে পৌঁছান তিনি।




























