আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি কাজ করছে: এনসিপির অভিযোগ
- প্রকাশঃ ১০:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 54
আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপি সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা হলে তা রাজপথে মোকাবিলা করা হবে।
তিনি আরও দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের নির্বাচনী ইশতেহারেই স্পষ্ট হয়েছে, বলেন তিনি।
নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র মজুতের খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন, অথচ এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।
তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।





























