রোমানিয়ায় রুশ ড্রোনের হামলা, ক্ষুব্ধ ন্যাটো
- প্রকাশঃ ০৮:১৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / 2
রোমানিয়ার গালাতি শহরে রুশ ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের অংশ । ছবি: রয়টার্স
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত হানার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। শুক্রবার ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, রাশিয়ার বেপরোয়া আচরণ জোটভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তিনি জানান, ন্যাটোর প্রতিটি সদস্য দেশের ভূখণ্ড রক্ষায় জোট প্রস্তুত রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে হামলার সময় রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরের একটি ১০ তলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনের ছাদ ও ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়।
ঘটনায় এক নারী ও এক শিশু সামান্য আহত হয়েছেন। আতঙ্কজনিত কারণে আরও দুজন চিকিৎসা নিয়েছেন। নিরাপত্তার স্বার্থে ভবনটি থেকে অন্তত ৭০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোভুক্ত কোনো দেশের ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের আহত হওয়ার ঘটনা এটিই প্রথম বলে উল্লেখ করা হচ্ছে। এতে পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং ন্যাটোভুক্ত দেশের নাগরিকদের নিরাপত্তার প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওআনা তোইউ জানিয়েছেন, এ ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠকও ডাকা হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ২৮ বার রুশ ড্রোন রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বুখারেস্ট। বিশেষ করে ইউক্রেনের দানিউব নদীসংলগ্ন বন্দর এলাকায় হামলার সময় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের অনেকে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছেন না। গালাতিতে বসবাসরত মার্কিন নাগরিক স্টিফেন এভেলিন বলেন, একই ধরনের ঘটনা বারবার ঘটায় এটিকে ভুল হিসেবে ব্যাখ্যা করা কঠিন। তার মতে, এ বিষয়ে ন্যাটোর আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঘটনার সময় রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান ও একটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করে। সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। সামরিক কর্মকর্তাদের ভাষ্য, ড্রোনটি অত্যন্ত নিচু দিয়ে প্রায় ১০ কিলোমিটার উড়ে যাওয়ায় সেটিকে রাডারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
রোমানিয়া ইতোমধ্যে ন্যাটোর কাছে অতিরিক্ত অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য অতিরিক্ত প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।






















