বিজয়পন্থীদের ট্রোলিংয়ে গর্ভপাতের অভিযোগ, বিতর্কে থালাপতি বিজয়
- প্রকাশঃ ০৮:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 3
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি অভিযোগ করেছেন, বিজয়ের সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত গর্ভপাতের শিকার হন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং তার স্বামীকে নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হয়, যা তার মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলে।
অভিনেত্রীর দাবি, দীর্ঘ সময় ধরে চলা এই অনলাইন হয়রানি তার শারীরিক ও মানসিক অবস্থাকে দুর্বল করে দেয়। একপর্যায়ে তিনি গর্ভপাতের শিকার হন।
জুলি বলেন, “আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।” তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, থালাপতি বিজয় সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের লাগামহীন আচরণ বন্ধে বিজয় কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে সংগঠিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। অভিযোগ দায়েরের পর তার বিরুদ্ধে কথিত ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ সংক্রান্ত নানা তথ্য ছড়িয়ে দেওয়া হয়, যা তিনি পরিকল্পিত চরিত্রহননের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে এ বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন জুলি। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় বিবেচিত হতে পারে।
জুলি মনে করেন, রাজনৈতিক সমর্থকদের একটি অংশ সমালোচকদের হয়রানি না করে জনস্বার্থমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জনপ্রিয় রাজনৈতিক নেতা ও জননন্দিত ব্যক্তিদের তাদের অনুসারীদের আচরণ সম্পর্কে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় বা তার রাজনৈতিক দল তামিঝাগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















