ফিলিস্তিন ইস্যুতে কথা বলে যেকোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত হাভিয়ের বারদেম
- প্রকাশঃ ০৪:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 4
হলিউডে ফিলিস্তিন ইস্যু নিয়ে সরব হলে ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে, দীর্ঘদিন ধরেই এমন ধারণা প্রচলিত। তবে স্প্যানিশ অভিনেতা ও অস্কারজয়ী তারকা হাভিয়ের বারদেম মনে করছেন, সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। তাঁর ভাষায়, গাজায় যা ঘটছে, সেটি গ্রহণযোগ্য নয় বলে এখন আরও বেশি মানুষ উপলব্ধি করতে শুরু করেছে।
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য বিলাভেড’ নিয়ে হাজির হয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারদেম। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ফিলিস্তিন ইস্যুতে সরব হওয়ার কারণে ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে কি না।
জবাবে বারদেম বলেন, ভয় অবশ্যই আছে। তবে ভয় পেলেও নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে হয়। তিনি বলেন, “নিজের দিকে তাকাতে পারতে হবে। আমার মা আমাকে এভাবেই বড় করেছেন। এর কোনো বিকল্প নেই। এর ফলে যদি কোনো পরিণতি আসে, আমি তা মেনে নিতে প্রস্তুত।”
ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সরব হাভিয়ের বারদেম। চলতি বছরের অস্কার অনুষ্ঠানেও পুরস্কার উপস্থাপনার সময় তিনি “ফ্রি প্যালেস্টাইন” বলেছিলেন। এবার কান উৎসবে তিনি আরও স্পষ্ট ভাষায় বলেন, গাজায় গণহত্যা চলছে এবং এটি তাঁর কাছে বাস্তব সত্য।
বারদেম বলেন, “আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু যা ঘটছে তা বাস্তব। যদি আপনি নীরব থাকেন বা সমর্থন করেন, তাহলে আপনি গণহত্যার পক্ষেই অবস্থান নিচ্ছেন।”
হলিউডে ফিলিস্তিনপন্থী শিল্পীদের বিরুদ্ধে কথিত গোপন ব্ল্যাকলিস্টের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বারদেম জানান, এমন তালিকার অস্তিত্ব তিনি নিশ্চিত করতে পারেন না। কারণ, তিনি এখনো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কাজের প্রস্তাব পাচ্ছেন। তাঁর মতে, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে এবং এ পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে নতুন প্রজন্ম।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল স্ক্রিনের মাধ্যমে তরুণেরা এখন সরাসরি বিশ্বের বাস্তবতা দেখতে পাচ্ছে। ফলে তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠছে।
সংবাদ সম্মেলনে বিশ্বরাজনীতি ও গণমাধ্যম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বারদেম। বিশেষ করে বড় করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব নিয়ে তিনি শঙ্কার কথা জানান। প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের সম্ভাব্য একীভবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তথ্য ও বিনোদনশিল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, যা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তরুণদের উদ্দেশে তিনি সমালোচনামূলক চিন্তাভাবনার আহ্বান জানান। তাঁর মতে, মানুষকে তথ্য যাচাই করতে শিখতে হবে, অন্যথায় সমাজ আরও বিপজ্জনক পথে এগোতে পারে।
নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। স্পেনে প্রতি মাসে গড়ে দুজন নারী সাবেক স্বামী বা প্রেমিকের হাতে নিহত হন উল্লেখ করে বারদেম বলেন, সমাজ যেন এসব ঘটনাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিশ্বনেতাদের সম্পর্কেও কড়া মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করে বারদেম বলেন, ক্ষমতার রাজনীতিতে তাঁদের মধ্যে একধরনের “বিষাক্ত পুরুষতান্ত্রিক আচরণ” কাজ করছে।
এদিকে কান উৎসবে প্রদর্শিত বারদেম অভিনীত নতুন সিনেমা ‘দ্য বিলাভেড’ ইতিমধ্যে আলোচনায় এসেছে। নির্মাতা রদ্রিগো সরোগোয়েন পরিচালিত ছবিটি প্রিমিয়ারের পর সাত মিনিট দাঁড়িয়ে অভিবাদন পেয়েছে।
ছবিতে বারদেম অভিনয় করেছেন এক কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকের চরিত্রে। সেখানে তিনি বিচ্ছিন্ন মেয়েকে নিজের নতুন সিনেমায় কাজের সুযোগ দেন। তবে একসঙ্গে কাজ করতে গিয়ে পুরোনো সম্পর্কের নানা ক্ষত সামনে চলে আসে।
ভ্যারাইটি অবলম্বনে
















