ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ১০০ ডলারের নোটের ছবি প্রকাশ, নতুন বিতর্ক
- প্রকাশঃ ০৪ জুলাই ২০২৬, ১৩:২৪
- / 29
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি ১০০ ডলারের নোটের ছবি প্রকাশ করেছেন, যেখানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষরের পাশাপাশি তার নিজের স্বাক্ষরও দেখা যাচ্ছে। এর কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ঘোষণা দিয়েছিল, দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর মার্কিন কাগুজে মুদ্রায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রাম্পের স্বাক্ষর অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষরের ওপরে রয়েছে। এর আগে ১০০ ডলারের নোটে কেবল অর্থমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারারের স্বাক্ষর থাকত। বর্তমান দায়িত্বে থাকা প্রেসিডেন্টের স্বাক্ষর কখনো যুক্ত করা হয়নি।
গত মার্চে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের স্বাক্ষর মুদ্রায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ১০০ ডলারের নোট ইতোমধ্যে ছাপানো শুরু হয়েছে কি না, সে বিষয়ে ট্রেজারি বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মার্চে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারার ব্র্যান্ডন বিচ বলেন, “আমেরিকার অর্থনৈতিক পুনরুত্থানের স্থপতি হিসেবে প্রেসিডেন্টের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাই মার্কিন মুদ্রায় তার স্বাক্ষর থাকা যথাযথ এবং প্রাপ্য।” ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প বিভিন্ন সরকারি নথি, স্মারক এবং স্থাপনায় নিজের নাম বা প্রতীক যুক্ত করার উদ্যোগ নিয়েছেন।
তার প্রশাসনের সময় স্মারক পাসপোর্ট, জাতীয় উদ্যানের বিশেষ পাস, ওয়াশিংটনের বিভিন্ন সরকারি ভবনের ব্যানার, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপকরণ এবং নবজাতকদের জন্য বিশেষ বিনিয়োগ হিসাবেও তার নাম বা ছবি ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ফ্লোরিডায় পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নামও তার নামে পরিবর্তন করা হয়েছে। এদিকে কংগ্রেসের কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের প্রতিকৃতি যুক্ত করে ২৫০ ডলারের বিশেষ স্মারক নোট চালুর প্রস্তাবও দিয়েছেন। তবে বর্তমান মার্কিন আইনে কেবল মৃত ব্যক্তির প্রতিকৃতিই কাগুজে মুদ্রায় ব্যবহার করা যায়। এ কারণে আইন পরিবর্তন ছাড়া এমন উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়।
প্রস্তাবিত বিলটিতে যুক্তরাষ্ট্রের বর্তমান বা সাবেক প্রেসিডেন্টদের ক্ষেত্রে এই বিধানের ব্যতিক্রম রাখার কথা বলা হয়েছে। চলতি বছরের শুরুতে ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং ট্রাম্পের প্রতিকৃতি ও স্বাক্ষরসংবলিত ২৫০ ডলারের নোটের নমুনা (প্রোটোটাইপ) তৈরির প্রস্তুতি নিয়েছিল।
মে মাসে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্টের প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারে তিনি “অস্বাভাবিক কিছু দেখেন না।” তিনি বলেন, “যদি আইনটি পাস হয়, তাহলে আমরা সব ধরনের প্রস্তুতি রাখি।”






















