ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. জিয়াউদ্দিন আহমেদ
- প্রকাশঃ ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৪
- / 4
ফিলাডেলফিয়া, ২২ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ২০২৬ সালের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। খ্যাতনামা সাময়িকী ‘ফিলাডেলফিয়া ম্যাগাজিন’ তাঁকে এ স্বীকৃতি দিয়েছে। চিকিৎসকদের প্রত্যক্ষ ভোট ও সহকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে দেওয়া এই সম্মাননার তালিকায় গত কয়েক বছর ধরেই নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক নামেও পরিচিত। বর্তমানে তিনি টেম্পল বিশ্ববিদ্যালয়ের লুইস কাটজ চিকিৎসাবিদ্যা অনুষদে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, গবেষণা ও চিকিৎসা শিক্ষায় অবদান রেখে চলেছেন তিনি।
তাঁর কাজের অন্যতম ক্ষেত্র দীর্ঘমেয়াদি কিডনি রোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে সৃষ্ট কিডনি রোগের চিকিৎসা ও গবেষণা। রোগীদের প্রতি আন্তরিকতা, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে ভূমিকার জন্য সহকর্মী ও শিক্ষার্থীদের কাছেও তিনি সমাদৃত।
২০২৬ সালের ‘সেরা চিকিৎসক’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় ডা. জিয়াউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মীরা। তাঁদের মতে, এই অর্জন তাঁর পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং রোগীদের প্রতি দায়িত্বশীলতার প্রতিফলন।
ডা. জিয়াউদ্দিনের এ সাফল্যে ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরাও আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের চিকিৎসাক্ষেত্রে তাঁর এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয়।



























